
কলকাতা, ৩০ আগস্ট : বৃষ্টিপাত কমে যাওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী। আর্দ্রতা ও অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা মানুষের। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও অবশ্য হালকা বৃষ্টি হলেও হতে পারে।
কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। বুধের সকাল থেকেই চড়া রোদের দাপটে ঘেমেছে ক্যানিং থেকে কাকদ্বীপ, নামখানা থেকে নবদ্বীপ-সর্বত্র। কোথাও কোথাও আবার আংশিক মেঘলা ছিল আকাশ। যাইহোক, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
