
কলকাতা, ৯ জানুয়ারি : বিশিষ্ট শিল্পী সনৎ কর প্রয়াত হয়েছেন। সোমবার ভোররাত পৌনে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পী সনৎ করের অর্ধশতাব্দীর দীর্ঘ শিল্পচর্চা ভারতীয় শিল্পের ইতিহাসের বিরল সম্পদ। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পজগতে।
১৯৩৫ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। কলকাতার সরকারি আর্ট কলেজে লেখাপড়া। তাঁর প্রথাগত কর্মজীবন শেষ হয় শান্তিনিকেতনের কলা ভবনে। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন শিল্পী সনৎ কর। ১৯৯৫ সালে অবসর নেন সেখান থেকে। শিক্ষকতা থেকে অবসর নিলেও কাজ থামেনি। ভারতীয় ছাপাই ছবির জগতে সনৎ কর এক পুরোধা শিল্পী। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে নানা গুরুত্বপূর্ণ বদল এসেছে তাঁর হাত ধরেই। 'সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট'-এর সঙ্গে যুক্ত ছিলেন সোসাইটির জন্মলগ্ন থেকেই।
