
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পানশানায় বসার জায়গা নিয়ে বচসার জেরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে হাতে গুলি করার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে হাইল্যান্ড পার্কের একটি পানশালায়। ওই কাণ্ডে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পিন্টু বাগ নামে নরেন্দ্রপুরের এক বাসিন্দা জানিয়েছেন, গত শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি তার বন্ধু জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন হাইল্যান্ড পার্কের একটি পানশালায়। পিন্টুর দাবি, সেখানে বসার আসন নিয়ে দুই অজ্ঞাতপরিচয় যুবকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। এর পর তিনি পানশালার বাইরে বেরোতেই তাঁকে টানতে টানতে ওই দুই যুবক একটি গাড়িতে নিয়ে গিয়ে তোলেন বলে অভিযোগ পিন্টুর। তার দাবি, গাড়িতে তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। তাঁর সোনার হার, ২০ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন পিন্টু। তার দাবি, এই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুরে। সেখানে পিন্টুর চোখের বাঁধন খুলে দিয়ে তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছোড়ে অভিযুক্ত।
পিন্টুর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তার ভিত্তিতে সাবির মণ্ডল ওরফে বাপি নামে নরেন্দ্রপুরের এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে।
