
কলকাতা, ৩ অক্টোবর: ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার দাপট। এবার আহত হয়েছেন এক মোটরবাইক আরোহী। মাথায় হেলমেট থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি। মঙ্গলবার সকালে মা উড়ালপুল ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ জোহর। সকাল ৮টা নাগাদ উড়ালপুলের ওপর চিনা মাঞ্জা আটকে বাইক থেকে পড়ে যান তিনি।
গলায় আঘাত লাগে। বাধ্য হয়ে নিজেই মাঞ্জা গোটাতে শুরু করেন ওই বাইক আরোহী। পার্ক সার্কাসের দিক থেকে এসএসকেএম হাসপাতালের দিকে যাচ্ছিলেন ওই যুবক। তিনি জানিয়েছেন, উড়ালপুল থেকে নামার সময় তাঁর গলায় চিনা মাঞ্জা লাগানো সুতো লাগে। বাইক নিয়ে উল্টে পড়ে যান তিনি। যুবক নিজেই বাইক নিয়ে আবার উঠে দাঁড়ান। উড়ালপুলের উপর থেকে ওই চিনা মাঞ্জার সুতো গুটিয়ে সরিয়ে দেন তিনি। তবে আঘাত গুরুতর না হলেও গোটা ঘটনায় যুবক আতঙ্কিত। তিনি জানিয়েছেন, প্রায়ই মা উড়ালপুল দিয়ে তিনি যাতায়াত করেন। সেখানে এ ভাবে চিনা মাঞ্জার সুতো বিছিয়ে থাকলে যে কোনও দিন আরও বড়সড় দুর্ঘটনার কবলে তিনি পড়তে পারেন। অন্য যাত্রীদেরও সমস্যা হতে পারে।
কলকাতা শহরের দীর্ঘতম উড়ালপুল মা। প্রতি দিন বহু মানুষ এই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করেন। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন মোটরবাইক আরোহীরা।
