
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, বিজেপি শাসিত দেশে মেরুদণ্ড সোজা রেখে লড়াই চালিয়ে যাওয়া ব্যক্তিদেরই জেলে যেতে হচ্ছে। অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে চুরি ও প্রতারণার অভিযোগ রয়েছে, তাঁরা বিজেপির পতাকা হাতে তুলে নিলেই সমস্ত অপরাধ থেকে রেহাই পেয়ে যাচ্ছেন। অভিষেকের কথায়, “এটাই হচ্ছে মোদিজির নতুন ভারত।”
পুজোর পাস সংক্রান্ত মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন ইন্দ্রনীল সেন। সেখান থেকে বেরতেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা সেল। ইন্দ্রনীল সেন মমতা সরকারের আমলে তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন। অভিযোগ, তাঁর আমলে বিপুল অঙ্কের দুর্গাপুজোর পাস দুর্নীতি হয়েছে। সেই আর্থিক দুর্নীতির সঙ্গে ইন্দ্রনীল সরাসরি যুক্ত বলে দাবি। ‘মাস আর্ট’ প্রতারণা মামলায় তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলার তদন্ত শুরু করেছে ইডি। এদিন বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির সমনে হাজিরা দিতে যান প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীল যখন ভিতরে সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সিজিও-র বাইরে দাঁড়িয়ে ছিলেন। মন্ত্রী বেরতেই তাঁকে পুলিশ ভ্যানে তোলেন আধিকারিকরা।
এই দুর্নীতির টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমরা জানতাম মমতা, ইন্দ্রনীল দু’জনে একে অপরের পরিপূরক ছিলেন। (দুর্নীতির টাকা) একা খেয়েছেন বলা ভুল হবে। মমতার সঙ্গে একই গাড়িতে ঘুরতেন। গান গাইতেন।” প্রাতিষ্ঠানিক সব চোরেদের জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি আরও জানান, রাজ্যে পালাবদলের পর ইন্দ্রনীলের মুখে নতুন সরকারের প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু বিজেপি কোনও দুর্নীতি আড়াল করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
