
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুপুরে গিরিশ পার্ক থানায় তদন্তকারীদের জেরার মুখোমুখি হয়েছিলেন। আর রাতেই সেই থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ তিন মন্ত্রীর বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগ, বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন এই তিন নেতা। অভিষেকের দায়ের করা অভিযোগের বিষয়বস্তু নিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত ব্যাখ্যা দেন তাঁর আইনজীবী অর্ক নাগ। দুপুরে যে থানায় হাজিরা দিতে গিয়েছিলেন, রাতেই সেখানে অভিযোগকারী হিসেবে অভিষেকের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
গিরিশ পার্ক থানায় প্রায় দু’পাতার লিখিত অভিযোগে অভিষেক মূলত তুলে ধরেছেন অতীতে পুলিশের উদ্দেশে বিজেপি নেতাদের নানা অবমাননাকর কথাবার্তা। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, এক শিখ পুলিশ অফিসারের উদ্দেশে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খলিস্তানি’ মন্তব্য, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত। একইভাবে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের বলা একাধিক আপত্তিকর মন্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে এফআইআরের কপিতে। অভিষেকের আইনজীবী অর্ক নাগ জানিয়েছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। গত পাঁচ থেকে ছয় বছরে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন সরকার অথবা পুলিশকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। এমনকী পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার মতো কথাও বলেছেন। আমরা জানতে চাই, সেই সমস্ত মন্তব্যের ক্ষেত্রে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি নিয়ে পুলিশ যে গুরুত্ব দিয়ে তদন্ত করেছিল, এই অভিযোগের ক্ষেত্রেও আমরা একই রকম গুরুত্ব দিয়ে তদন্তের আশা করছি।”
অভিযোগপত্রে নিজের বাড়িতে লাগাতার দুষ্কৃতী হামলার নেপথ্যে বিজেপি যোগের কথাও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে অর্ক নাগের দাবি, ‘‘সংবাদমাধ্যমে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে দেখানো হয়েছে, যাকে নিয়ে প্রশ্ন তুলছে আমরা। তারপরেও যদি পুলিশ কোনও ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের কেন অভিযোগ জানাতে হবে? পুলিশ কি এতটাই দুর্বল, এতটাই অজানা? অথবা তথ্যের এতটাই অভাব রয়েছে যে নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না? কারা এই জমায়েতের আয়োজন করছে, তা পুলিশের অজানা নয়।”
