kolkata

2 years ago

Pakistani and Chinese Kolkata : কলকাতায় পাক ও চিনা ‘বউ’দের কার্যকলাপ জানতে তৈরি হচ্ছে ডেটা বেস

Seema Haidar - Sachin Meena (File Picture)
Seema Haidar - Sachin Meena (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে পুলিশের হাতে পাকিস্তানি মহিলা সীমা হায়দার ধরা পড়ার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।  কলকাতায় ‘পাক বউ’য়ের সংখ‌্যা কত? কতজনই বা ‘চিনা বউ’? কী-ই বা তাঁদের কার্যকলাপ? এবার সেই তথ‌্যই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ব‌্যাপারে ডেটা বেসও তৈরি করা হচ্ছে বলে খবর। 

শনিবার রাতেই হো চি মিন সরণিতে কলকাতার মার্কিন দূতাবাসের কাছ থেকেই সন্দেহভাজন এক পাক মহিলাকে আটক করা হয়। ওই মহিলার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা ও অন‌্যান‌্য নথি থাকার কারণে প্রায় ২৪ ঘণ্টা টানা জেরার পর তাঁকে ছেড়ে দেন কলকাতার গোয়েন্দারা। যদিও গোয়েন্দারা তাঁর গতিবিধির উপর নজরদারি রাখছেন। সূত্রের খবর, তাঁর পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ‌্য নিতে শুরু করেছেন গোয়েন্দারা ,কোন কোন দেশ হয়ে তিনি এই দেশ তথা কলকাতায় এসেছেন, সেই তথ‌্যও গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।  

উল্লেখ্য, উত্তরপ্রদেশে সীমা হায়দার ধরা পড়ার পর কেন্দ্রীয় গোয়েন্দারা প্রত্যেকটি রাজ‌্য ও শহরের পুলিশকে সতর্ক করে। সেইমতো সতর্ক হয় কলকাতা পুলিশও। গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, কলকাতার বেশ কয়েকটি জায়গায় এমন মহিলারা থাকেন, যাঁরা আসলে পাকিস্তানের বাসিন্দা, কিন্তু এখন কলকাতার বাসিন্দাদের স্ত্রী। তাঁদের মধ্যে কয়েকজন বহু বছর ধরে কলকাতায় থাকলেও তাঁরা এখনও পাক পাসপোর্টের অধিকারী। তাঁদের পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে হয়। তার জন‌্য কলকাতা পুলিশের বিশেষ দফতরও রয়েছে। কিন্তু এবার শহরের ‘পাক বউ’রা শুধু গৃহবধূ হিসাবেই রয়েছেন, না কি তাঁরা কোথাও কাজ করছেন, তাঁদের কেউ কোনও সন্দেহভাজন কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না, সেদিকে গোয়েন্দারা নজর রাখতে শুরু করেছেন। 

একইভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বাসিন্দা বিয়ে করেছেন চিনা মহিলাদেরও। ওই ‘চিনা বউ’দের মধ্যে কয়েকজন গত কয়েক বছর ধরে এই রাজ্যেই রয়েছেন। তাঁরা কোথাও কাজ করেন কি না, বা কার কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সেই তথ‌্যও জানার চেষ্টা করে ডেটা বেস তৈরির কাজ শুরু হয়েছে।

You might also like!