
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে গতকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে বাংলার বিভভিন্ন জেলা গুলিতে। সোমবার সকাল থেকে মুখ ভার আকাশের। আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ সারাদিনই চলবে বৃষ্টি। এর জেরে জলমগ্ন হতে পারে শহরের রাস্তাঘাট।
সোমবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বৃষ্টি হবে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এরমধ্যে বেশকিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা।
আবহাওয়া দফতর জানাচ্ছে এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সোমবার সেখানেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই জোড়া ঘূর্ণাবর্ত থেকে আগামী দিনে উপকূলের জেলাগুলিতে বদ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারও জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতার মুখ ভার। ভোর থেকেই তিলোত্তমার আকাশ মেঘে ঢাকা। সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। রবিবার রাতেও শহরের বেশ কিছু প্রান্তে ষ্টি নেমেছিল। সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
