kolkata

2 years ago

Shrinu Naidu murder case: শ্রীনু নাইডু হত্যা মামলায় ১৩ জনই বেকসুর খালাস

Shrinu Naidu murder case (File Picture)
Shrinu Naidu murder case (File Picture)

 

খড়গপুর, ২৭ জুন : প্রায় ছ’বছর পর বেকসুর খালাস হলেন খড়গপুরের ‘ত্রাস’ শ্রীনু নাইডু খুনের অভিযুক্তরা। ধৃত তেরো জনকেই বেকসুর খালাস করে দেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাঁদের খালাস করল মেদিনীপুর আদালত। তবে খুনের ঘটনায় বিচারকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সরকারি পক্ষের আইনজীবী সমর কুমার নায়েক।

সালটা ছিল ২০১৭। তারিখ ১১ জানুয়ারি। ভরদুপুরে খড়্গপুর পুরসভার নিউ সেটলমেন্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির অফিসে বসেছিলেন শ্রীনু নাইডু। তখন আচমকা কয়েকজন এসে গুলি করে শ্রীনুকে। তারপর মারা যায় খড়্গপুরের এই রেল মাফিয়া। এই হামলায় জখম হন তিনজন। এই হত্যাকাণ্ডের পর খড়্গপুরের আর এক রেল মাফিয়া বাসব রামবাবুকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করে পুলিশ। আর তদন্তে নেমে এই খুনের ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় আজ, মঙ্গলবার মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক মন্দাক্রান্তা সাহার এজলাসে রামবাবু–সহ ১৩ জনকেই বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালতেল এই রায়ে হতাশ হয়েছেন শ্রীনুর পরিবার। তাঁর স্ত্রী এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন বলেই খবর। এই রেল মাফিয়া বাসব রামবাবুর নানা কারবার। সেখান থেকেই কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে সে। মানস এবং গৌতম চৌবে খুনে রামবাবুর হাত ছিল। এই দু’‌জন খড়্গপুরের সিপিআই নেতা নারায়ণ চৌবের দুই ছেলে। তাঁদেরকে খুন করার জেরে যাবজ্জীবন সাজা হয় রামবাবুর। রামবাবু জেলে ঢুকে গেলে শ্রীনু দখল করে ফেলে যাওয়া সেই কালো পথ। শ্রীনুর সঙ্গে রামবাবুর পরিচয় ঘটে জেলে। তবে রামবাবু জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে আসে। তারপর বাইরে আসে শ্রীনুও। বাইরে এসে বুঝতে পারে রামবাবু আবার শ্রীনুর বানানো পথ দখল করে নিয়েছে। তখন থেকেই দু’‌জনের মধ্যে সংঘাতের সূত্রপাত। এমনকী তা থেকে রামবাবুর উপর শ্রীনু হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু সেই হামলায় বেঁচে যায় রামবাবু। ২০১৫ সালের পুরসভা নির্বাচনে শ্রীনুর স্ত্রীকে টিকিট দেয় বিজেপি। কিন্তু নির্বাচনে জিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন শ্রীনুর স্ত্রী পূজা। তখন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা নেয় শ্রীনুও। তারপরই শ্রীনুকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে গুলি করে খুন কর হয়। তবে খুনের এই ঘটনায় পলাতক আরও এক অভিযুক্ত।

You might also like!