
সিডনি, ১৮ জানুয়ারি : ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর। এইসঙ্গে ভারতবিরোধী স্লোগান লেখা হয়েছে মন্দিরের দেওয়ালে। গতবারের মতোই এবারও অভিযুক্ত স্থানীয় খলিস্তানপন্থীরা। গত ১০ জানুয়ারি মঙ্গলবার মেলবোর্ন শহরের একটি হিন্দু মন্দিরে হামলা হয়েছিল। এবারের ঘটনাটি ভিক্টোরিয়া প্রদেশের। গত সোমবার ঘটলেও তা অস্ট্রেলিয়ার একটি ডিজিটাল সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসে বুধবার। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে হামলা হয়। স্থানীয় তামিল হিন্দুরা সম্প্রতি থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনে মন্দিরে এসেছিলেন, তখনই নজরে পড়ে মন্দিরে ভাঙচুর হয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় হিন্দুরা । ভিক্টোরিয়া প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
ভিক্টোরিয়ার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভাগওয়াত বলেন, “কতট মন খারাপ বোঝাতে পারব না, খালিস্তানি প্রচার চালাতে এই নিয়ে দ্বিতীয়বার হিন্দু মন্দিরে ভাঙচুর চালনা হল। বৃহত্তর হিন্দু সম্প্রদায় এই অন্যায় সহ্য করবে না।
ঘটনায় মুখ খুলেছেন লিবারাল পার্টির সাংসদ ব্র্যাড ব্যাটিন। তিনি বলেন, “কোনও ভাবেই আমাদের ভবিষ্যত ঘৃণার উপর নির্মিত হতে পারে না, সভ্যতার দীর্ঘ প্রচেষ্টায় সৌভ্রাতৃত্ব গড়ে উঠেছে। ভিক্টোরিয়ায় বা অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজের জায়গা নেই।” দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন তিনি।
এর আগের ঘটনাটি ঘটে মেলবোর্নে। সেখানে মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদী হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা।
