
নয়াদিল্লি , ১৫ এপ্রিল :চিপকে ব্যাটিং ব্যর্থতায় আবারো হার কলকাতার। হেরে গেল নিচের সারির দল চেন্নাই সুপার কিংস এর কাছে। এনিয়ে পাঁচটা ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হারল তারা। একটি খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত। পয়েন্টের ঘরে জমা পড়েছে মাত্র এক পয়েন্ট। এই হারে রাহানেদের পয়েন্ট তালিকায় সবার নিচে স্থান হয়েছে।
মঙ্গলবার ১৯৩ রান তাড়া করতে নেমে নাইটদের ব্যাটিং ভরাডুবি। পাওয়ার প্লেতেই জোড়া উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৩৬। চলতি আইপিএলে এটি ছিল সর্বনিম্ন রান। নুর আহমেদের ব্যাক টু ব্যাক বলে জোড়া উইকেট। ফিরে যান অজিঙ্ক রাহানে এবং ক্যামেরুন গ্রিন। আবার ও ব্যর্থ ২৫ কোটির অলরাউন্ডার। এই জায়গা থেকে আর ফিরতে পারেনি নাইটরা। তবুও তিনটে ক্যাচ ফস্কায় চেন্নাই। প্রাণ ফিরে পান সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী এবং অজিঙ্ক রাহানে। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি কলকাতা। রাহানে (২৮) এবং রঘুবংশী (২৭),নারিন(২৪) রান করেন।
এদিন স্পিনারদের কাছে কলকাতা ছিল অসহায়। নাইটদের ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন অংশুল কামবোজ। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর এদিন নিলেন দুই উইকেট । এদিন ছন্দে ছিলেন না রিঙ্কুও। শেষদিকে কিছুটা চেষ্টা করেন রোভমন পাওয়েল (৩১) এবং রমনদীপ সিং (৩৫)। কিন্তু দলকে জেতানোর জন্য যথেষ্ঠ ছিল না।
এদিন টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রাহানে। ৫ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে সিএসকে। সর্বোচ্চ রান সঞ্জু স্যামসনের। তিনি করেন ৪৮ রান। ৩৮ রান করেন আয়ুশ মাত্রে। ৪১ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এদিন দলে ফেরেন বরুণ চক্রবর্তী। কিন্ত তিনি আবার ব্যর্থ।উইকেট পাননি। জোড়া উইকেট কার্তিক ত্যাগীর। বল হাতে নজর কাড়েন নারিনও। পাওয়ার প্লের শেষের দিকে দারুণ কামব্যাক করে কেকেআর। কিন্তু ব্যাটাররা তার সুযোগ নিতে পারেন নি।
