
কলকাতা, ২৫ এপ্রিল : স্প্যানিশ কোচ লোবেরা এখন অতীত। বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে, ক্লাবের পক্ষ থেকে তাকে চুক্তি পত্র পাঠিয়েছে লাল-হলুদ শিবির। তবে ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছু শর্ত দিয়েছেন এই স্প্যানিশ কোচ। আসলে বেশকিছু চেনা মুখ আনতে চাইছেন কুয়াদ্রাত।
এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে দলের চিফ টেকনিক্যাল হিসেবে মন্দার তামহানের। বেঙ্গালুরুকে আইএসএলে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই টিম ম্যানেজারের। তবে আগের মরশুমেই বেঙ্গালুরু ছেড়েছেন তিনি। কিন্তু কুয়াদ্রাত লাল-হলুদের দায়িত্ব নিলে তার আসার সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত কার হাতে ওঠে ইস্টবেঙ্গলের দায়িত্ব এখন সেটাই দেখার।
