
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই ছবিকে ঘিরে বিতর্ক যেন কাটছেই না। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী অদা শর্মা। করিমনগরে 'হিন্দু একতা যাত্রায়' অংশগ্রহণের জন্যই যাচ্ছিলেন তাঁরা। আচমকা দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। গুরুতর আহত হন দুজনেই। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুদীপ্ত সেন ও অদা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বর্তমান শারীরিক পরিস্থিতির আপডেট দেন অভিনেত্রী। সেই সঙ্গে জানান তাঁদের পুরো টিম আপাতত বিপদমুক্ত। সেই রকম চিন্তার কোনও কারণ নেই।
যেন সেই গোদের ওপর বিষফোঁড়ার মতো অবস্থা। অদা তাঁর টুইটার হ্যান্ডলে জানান, 'বন্ধুরা, আমি ভালো আছি। আমাদের দুর্ঘটনার খবর মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকের থেকে মেসেজ পেয়েছি। আমি ও আমাদের পুরো টিম আপাতত ঠিক আছি। ভয় বা চিন্তার কোনও কারণ নেই। আপনারা আমাদের জন্য ভেবেছেন। সকলকে অনেক ধন্যবাদ।' অদা শর্মা তাঁদের হেলথ আপডেট জানানোর আগেই পরিচালক সুদীপ্ত সেন টুইটে জানিয়েছেন, তাঁরা ওই অনুষ্ঠানে যেতে পারছেন না।
সুদীপ্ত সেন টুইটে লেখেন, 'আজ আমরা করিমনগরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলাম। আমাদের ছবি নিয়ে যুবসমাজের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু, মেডিক্যাল এমার্জন্সির কারণে আমদের যাওয়া সম্ভব হল না। ঘটনার জন্য আমরা সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সমাজে মেয়েদের বাঁচানোর জন্যই আমরা এই ছবিটি তৈরি করেছি। দয়াকরে সকলে আমাদের সমর্থন করুন। পাশে থাকুন।'
