
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'আমি সুশান্ত নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব ।' ফের বিস্ফোরক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ । বছর দুয়েক আগে, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি । সম্প্রতি, ইনস্টাগ্রামে পোস্ট করেন একটি অসমাপ্ত সুইসাইড নোট । সেই সুইসাইড নোটের ভিত্তিতেই স্থানীয় ওশিওয়ারা থানার পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায় । এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি টেনে আনেন সুশান্ত সিংয়ের প্রসঙ্গ । তাঁর প্রচ্ছন্ন হুমকি, মরলে সবাইকে ফাঁসিয়ে তবেই মরবেন । কাকে বা কাদের উদ্দেশে তিনি কথাগুলো বলেছেন, তা জানা যায়নি ।
ইনস্টাগ্রাম পোস্টে পায়েল লিখলেন, ”আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হৃদরোগে মৃত্যু হয়, তার জন্য কে দায়ী থাকবে ?"পায়েলের এই পোস্ট নজরে পড়েছে মুম্বই পুলিশের। সেকথা জানিয়েছেন পায়েল নিজেই। সোশ্যাল মিডিয়ায় পায়েল লিখলেন, ”আমার বাড়িতে ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল। চিকিৎসকের সঙ্গে পুলিশ কথা বলেছে। তবে আমি সবাইকে বলতে চাই, আমি সুশান্ত সিং রাজপুত নই। আমি মরলে সবাইকে নিয়ে মরব।” তবে হঠাৎ করে এমন কোনও পোস্ট করেছেন পায়েল তা কিন্তু স্পষ্ট করেননি। পায়েল টুইট করেছিলেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি (Narendra Modi), দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!”
