
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বই ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যু সংবাদ বারবার শোকস্তব্ধ করছে বলিউডকে। এবার আরও একজন প্রতিভার রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। মারাঠি সিনেদুনিয়ার কিংবদন্তী অভিনেতা তথা পরিচালক রবীন্দ্র মহাজানি মৃত। শুক্রবার পুনের তালেগাঁও দাভাড়ের অ্যাম্বি ভিলেজের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রবীন্দ্র মহাজানির দেহ। মৃতদেহে পচন ধরায় তীব্র গন্ধ পান প্রতিবেশীরা। এরপরই পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশের অনুমান, দিন তিনেক আগেই রবীন্দ্র মহাজানির মৃত্যু হয়েছে। অ্যাম্বি ভিলেজের এই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। প্রতিবেশীর তরফে ফোন পেয়েই রবীন্দ্রর বাসভবনে ছুটে যান পুলিশ। শেষমেশ দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিনেতার দেহ।
