
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু।
বৈঠকের পরে দুই মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। মমতা বলেন, ‘‘আমি চেন্নাই এসেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। ও আমার ভাইয়ের মতো। চেন্নাইয়ে এসে ওর সঙ্গে দেখা করব না, তা কি হয়! এখানের চা খুব বিখ্যাত। দু’জনে চা খেলাম।’’
প্রসঙ্গত, বাংলার ভারপ্রাপ্ত রাজ্যপাল তথা তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি নেতা লা গণেশনের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে চেন্নাই পৌঁছন মমতা। যাওয়ায় আগে স্ট্যালিনের সঙ্গে দেখা করার কথা জানিয়ে মমতা বলেন, ‘‘আমার রাজনৈতিক বন্ধু এবং বিরোধী ঐক্যের সঙ্গী।’’ এর পরেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে দুই নেতার আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা দানা বাঁধে।
এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য? এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘দু’জন রাজনীতির মানুষের দেখা হলে রাজনীতির কথা তো হবেই। উন্নয়নের কথাও হল।’’
