
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার প্রথম দফার নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা নতুন মাত্রা পেল। অভিযোগ, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল গড়িমসি করায় বহু আবেদন এখনও নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে দেবদত্ত কামাত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদনের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্য কান্ত এই বিষয়ে কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতির কাছে রিপোর্ট তলব করতে পারেন। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আইনজীবী কামাতের অভিযোগ, ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত অফলাইনে আবেদন বন্ধ রেখেছে। আবেদন করা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে। আইনি প্রক্রিয়ার পরিপন্থী প্রক্রিয়ায় শুনানি বা সঠিক বিবেচনার পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যাঁরা অনলাইনে আবেদন করতে পারেন না, তাঁরা সমস্যায় পড়ছেন। বহু দূর থেকে আসা মানুষ তার ফলে বিপাকে পড়ছেন। কামাতের আরও অভিযোগ, ট্রাইব্যুনালে কোনওভাবে আইনজীবীদের প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না।
নতুন এই মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন, “পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে বারবার কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে? আমরা নির্দেশ দেওয়ার পর কেনও নতুন নতুন অভিযোগ জমা পড়ছে।” জবাবে আইনজীবী কামাতের অভিযোগ, ট্রাইব্যুনাল সঠিকভাবে আদালতের নির্দেশ মানছে না। সে কারণেই বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এরপর বিচারপতি সূর্য কান্ত জানান, বাংলার এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজের বর্তমান স্ট্যাটাস কী তা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে জবাব তলব করা হবে।
