
বোকো (অসম), ২৬ এপ্রিল : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বোকো-ছয়গাঁও সম-জেলাধান চামারিয়া বিধানসভা এলাকার নয়াপাড়া চর অঞ্চলে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে ১০ বছর বয়সি এক নাবালকের মৃত্যু হয়েছে। মৃত নাবালককে জনৈক আসকার আলির ছেলে রকিবুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, একটি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছাকাছি ছিল রকিবুল ইসলাম। সেই সময় একটি বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ওই তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে রকিবুল। ঘটনার খবর পেয়ে শুয়ালকুচি নদী আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ছেন। ঘচনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এ-ধরনের দুর্ঘটনা রোধ করতে কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
