
রাঁচি, ১১ নভেম্বর : বেআইনি কয়লা খনি খাদান সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় চাপে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren )। ইডির তদন্ত শুরু হতেই চাপে পড়েছে জোট সরকার। সম্প্রতিই মুখ্যমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছিল ঝাড়খণ্ডে(Jharkhand)। তবে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সেই গদি বাঁচিয়েছে মুখ্যমন্ত্রী সোরেন। ফের ইডির(Enforcement Directorate ) তরফে হেমন্ত সোরেনকে তলব করা হয়েছে। আর তাতেই নড়েচড়ে বসল হেমন্তের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা(JJM) । শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ দুটি বিল পেশ করতে পারে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন হেমন্ত সোরেন। ভূমিপুত্র খুঁজে বের করতে ১৯৩২ সাল থেকে জমির রেকর্ড সংক্রান্ত বিল এবং ওবিসিদের সংরক্ষণ ১৪ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করার বিল পাশ হওয়ার কথা রয়েছে। এই দুই বিল পাশ হলে হাত শক্ত হবে সোরেনের বলে মনে করছেন রাজনৈতিক মহল। ২০১৯ সালের নির্বাচনী প্রচারে করা দুই প্রতিশ্রুতিই পূরণ করতে চলেছে হেমন্ত সোরেনের সরকার।
