
মুম্বই, ৩ ডিসেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে একতরফা ভাবে জিতলেও দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছে। যার জন্য তখন ভারতীয় দল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসে এবং শ্রীলঙ্কায় শ্রীলংকাকে টেস্ট সিরিজে ২-০ তে পরাস্ত করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে পাকিস্তান এবং ভারত শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে আসে। আর চলতি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে নিউজিল্যান্ড হারার ফলে ভারতকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।সুতরাং ভারতীয় দল এখন তৃতীয় স্থানে। তবে ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে পয়েন্ট তালিকা শীর্ষস্থানে পৌঁছানোর এবং সেটা দক্ষিণ আফ্রিকায়। এক্ষেত্রে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার সফর খুবই গুরুত্বপূর্ণ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী দল এবং ভারতকে সিরিজ জিততে গেলে ভালো পারফরম্যান্স অবশ্যই করতে হবে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে শেষবার ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা গিয়েছিল তখন ভারত-দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ সিরিজ হেরেছিল। তবে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ শীর্ষে পৌঁছানোর। কারণ শীর্ষে থাকা পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলবে যেখানে তাদের কাছে অজিদের হারানো সহজ হবে না এবং সেই সুয়োগে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারালে পৌঁছে যাবে শীর্ষস্থানে।
