পুনে, ৩০ অক্টোবর: জমে উঠেছে গ্রুপ পর্বেই লড়াই। আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে পরীক্ষা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। বিশ্বকাপের ৩০ তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। শুরুটা হার দিয়ে হলে মাঝে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটায় আফগানরা। তবে এরপর ফের ছন্দপতন। কিউয়িদের কাছে হারে রশিদ খানরা। ফের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ বার তৃতীয় জয়ের সন্ধানে আজ নামবেন হসমাতুল্লাহ শাহিদির দল। এই মুহূর্তে আফগানিস্তান পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই আফগানিস্তান সেমিফাইনালে লড়াইয়ের মধ্যে চলে আসবে।যেভাবে তারা খেলছে তাতে সেমিফাইনালে চলে যেতেও পারে।
অন্যদিকে হার দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে এসেছে কুশল মেন্ডিসের দল। শুরুতে বিশ্বকাপে লঙ্কানরা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি। যত দিন যাচ্ছে তত শ্রীলংকানরা বিশ্বকাপে নিজেদের মেলে ধরছেন। তাই আফগানদের বিরুদ্ধে জয়রথ ধরে রাখতে মরিয়া হয়ে উঠবে লঙ্কানরা এতে কোন সন্দেহ নেই। সুতরাং আজকে দুই এশিয়ানের লড়াই ভালোই জমবে এটা আশা করা যায়।