কলকাতা: লা লিগা ফুটবল অ্যাকাডেমি তৈরি হতে চলেছে যাদবপুরে। কিশোর ভারতী স্টেডিয়ামকে অ্যাকাডেমির জন্য ছেড়ে দেওয়া হবে বলে আগেই খবর ছিল। সেই সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্যের মন্ত্রিসভা। অ্যাকাডেমিতে মহিলা ফুটবলারদের ট্রেনিং দেওয়া হবে বলেও জানা গিয়েছে নবান্ন সূত্রে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের মাঝেই লা লিগায় অ্যাকাডেমি নিয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হয়। সবুজ সংকেত মিলেছিল তখনই। লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠকের মাঝেই রাজ্যের ফুটবল জগতের উন্নতিতে যুগান্তকারী এই পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে কিছুদিনের মধ্যেই।
নবান্ন সূত্রে খবর, স্পেন সফরের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ফোনে কথা হয়। সেখানেই লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামটিকে নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বেশ কিছুদিন ধরে অবহেলায় পড়ে থাকলেও সম্প্রতি এই মাঠটিকে খেলার উপযুক্ত করার দায়িত্ব নেয় ক্রীড়া দফতর। কিছুদিন আগেই ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল ম্যাচও অনুষ্ঠিত করা হয়েছে এই মাঠে।
