
দুবাই, ৬ এপ্রিল : ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। যার সুবাদে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে মনোনীত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। মার্চ মাসের সেরা ক্রিকেটারের হওয়ার লড়াইয়ে এই তিন মনোনীতের নাম ঘোষণা করেছে আইসিসি।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রান করেছিলেন সাকিব। পরে বল হাতে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সে সিরিজে ২টি ফিফটি নিয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৪১ রান করেছিলেন সাকিব। বল হাতেও নিয়েছেন ৬টি উইকেট। এই পারফরম্যান্স ধরে রেখেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও। প্রথম ওয়ানডেতে ৯৩ রান করেছিলেন।
আইসিসির মাস সেরার মনোনয়ন পাওয়াটা অবশ্য সাকিবের জন্য নতুন কিছু নয়। ২০২১ সালের জুলাইয়ে আইসিসির মাসসেরা হওয়ার পর অক্টোবরের সেরা হওয়া মনোনয়নেও ছিলেন এই অলরাউন্ডার।
