
সান্তিয়াগো, ৬ নভেম্বর : একের পর এক আক্রমণ করেও রায়ো ভাইয়েকানোকে হারাতে পারল না রিয়াল মাদ্রিদ। ফেদে ভালভেরদে, ভিনিসিউস জুনিয়ররা অসংখ্য সুযোগ পেয়েও কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারলেন না কেউই। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারালেন কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে ৭০ হাজার দর্শকের সামনে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর রিয়ালের চলতি আসরে দ্বিতীয় ড্র এটি। ১২ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আর সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা।
