
প্যারিস, ২৬ অক্টোবর : অক্টোবরের শুরুতেই নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৪-১ গোলে বিপর্যস্ত হয়েছিল পিএসজি। সেই ধাক্কা সামলে ঘরোয়া লিগে টানা দুই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও কক্ষপথে ফিরল পিএসজি। দারুণ পারফরম্যান্সে এবার তারা হারিয়ে দিল এসি মিলানকে। ইউরোপ সেরা মঞ্চে বুধবার রাতে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর রন্দাল কোলো মুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ দিকে জয় নিশ্চিত করা গোলটি করেন লি কাং-লি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যে বিপুল অর্থ খরচ করে দল গড়েও সাফল্য পায়নি পিএসজি। লিওনেল মেসি, এমবাপে, নেইমার জুনিয়র একসঙ্গে খেলেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি। সেই হতাশা নিয়েই ক্লাব ছেড়েছেন মেসি, নেইমার। চলতি মরসুম শেষ হলেই পিএসজি ছাড়তে পারেন এমবাপেও। তাঁর সঙ্গে ম্যানেজমেন্টের ঠান্ডা লড়াই চলছে। তবে মাঠের বাইরের পরিবেশ যেমনই হোক না কেন, মাঠে এমবাপের ভালো পারফরম্যান্স অব্যাহত। মিলানের বিরুদ্ধে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করে পিএসজি-কে এগিয়ে দেন এমবাপে। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান র্যান্ডাল কোলো মুয়ানি। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান লি কাং-ইন।
