লখনউ, ৩০ অক্টোবর : বিশ্বকাপের প্রথম চার ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। তারপর দলে ফিরেই দুই ম্যাচে ৯ উইকেট। স্মরণীয় কামব্যাক মহম্মদ শামির। দুরন্ত বোলিং করে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকেও শেষ করে দিয়েছেন বাংলার এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।
আর গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে চার উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে এক অনন্য নজিরের মালিক হয়েছেন শামি। অর্থাৎ একদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশিবার চার উইকেট নেওয়ার নজির গড়লেন বাংলার এই তারকা পেসার। এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার এক ম্যাচে চার উইকেট পাওয়ার রেকর্ড তাঁর দখলে। তিনি জাতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরের নজির ভাঙলেন।
