
মিয়ামি, ৯ ডিসেম্বর : আসন্ন ২০২৪ সালের মরসুমে বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির মিয়ামি। মরসুমকে সামনে রেখে এর মধ্যে প্রথম প্রাক্-মরসুম প্রীতি ম্যাচের সূচিও ঠিক করে ফেলেছে ইন্টার মায়ামি। যেখানে তারা প্রথম ম্যাচ খেলবে এল সালভাদরের বিপক্ষে। আগামী ১৯ জানুয়ারি সান সালভাদরের এস্তাদিও কাসকাতলানে মুখোমুখি হবে মায়ামি ও সালভাদর। এরপর রিভার প্লেটের সঙ্গেও ইন্টার মায়ামির ম্যাচ খেলার কথা আছে।
আর এরপর প্রাক্ মরসুমে মেসির ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আন্তজার্তিক সফর করবে। আর এই প্রথম সফরেই এশিয়া ভ্রমণ করবে মিয়ামি। ইন্টার মায়ামি জানিয়েছে, তারা চীনের প্রথম সারির লিগের খেলোয়াড়দের নিয়ে নির্বাচিত হংকং একাদশের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে। আর এক বিবৃতিতে ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমরা হংকং ভ্রমণ নিয়ে রোমাঞ্চিত। এটা আমাদের প্রথম এশিয়া ভ্রমণ হবে।’
মায়ামির আর এক মালিক ডেভিড বেকহাম হংকংয়ে খেলার কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি অনেকটুকু সময় এশিয়ায় কাটিয়েছি। তাই ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো নান্দনিক শহরটিতে খেলতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
