
মাদ্রিদ, ১৫ সেপ্টেম্বর : কলকাতার ফুটবলে জুড়তে চলেছে তিতিতাকার গরিমা। স্প্যানিশ ফুটবলের ছোয়া লাগতে চলেছে বাংলার ময়দানে । বিশ্ব ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ নাম লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেভাজের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার এবং লা লিগার মধ্যে মউ স্বাক্ষরিত হয়। আগামিদিনে বাংলার ফুটবলের উন্নয়নে কাজ করবে লা লিগা। লা লিগার সাহায্যে বাংলায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি৷ বাংলার ফুটবলের জন্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত ভালো বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।
বাংলার ফুটবলের প্রশংসা করেন লা লিগার প্রেসিডেন্ট তেফাজ। স্প্যানিশের তাঁর বক্তব্যের নির্যাস কিছুটা এরকম, "আমরা জানি, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। বাংলায় প্রতিভার কোনও অভাব নেই। ভারতীয় ফুটবলের সেরা কিছু খেলোয়াড় উঠে এসেছেন এখান থেকেই। আমরা বাংলার ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমরা একটা মউ সই করেছি৷"
তিনি বলেন, "ফুটবলের উন্নতির জন্য বিভিন্ন ক্লাব এবং রাজনৈতিক নেতৃত্বগুলির সম্মিলিত প্রয়াস প্রয়োজন। শুধু ভারত নয় এই একই পদ্ধতি গোটা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য। আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে সেই দুটোই রয়েছে। লা লিগা বাংলার ফুটবলের উন্নতির অংশ হতে চায় চায়। আপনারা যে আমাদের উপর আস্থা রাখছেন তার জন্য ধন্যবাদ । আমরা শীঘ্রই একসঙ্গে কাজ শুরু করব।”
