
হানঝাউ, ৭ অক্টোবর : আজ এশিয়ান গেমসে ভারতের ঐতিহাসিক দিন।এশিয়ান গেমসের মঞ্চে পদকের 'সেঞ্চুরি' পূর্ণ করল ভারত। সেই সেঞ্চুরি পূর্ণ করলেন মেয়েদের কাবাডি দল। আজ সকাল সকাল মেয়েদের কাবাডি দল সোনা এনে দিলেন ভারতকে। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের ১০০ পদক পূর্ণ হল।
এশিয়ান গেমসে মেয়েদের কাবাডির ফাইনালে ভারত হারাল চাইনিজ তাইপেকে। ২৬-২৪ ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জিতল ভারত। সুতরাং এবার চীনের এশিয়ান গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা ১০০-র বেশি পদক নিয়ে দেশে ফিরবেন । এশিয়ান গেমস প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার পদকের সেঞ্চুরি হল। উল্লেখ্য ২০১৮ এশিয়ান গেমসে জেতা ৭০ টি পদক ছিল ভারতের পক্ষে সর্বোচ্চ। সেবার এশিয়ান গেমসে ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রো়ঞ্জ, মোট ৭০ পদক জিতেছিল ভারত।
