Game

2 years ago

Luis Rubiales:‘চুমু-কাণ্ডে’ রুবিয়ালেসের বিরুদ্ধে হেরমোসোর মামলা

Luis Rubiales
Luis Rubiales

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার আরও বিপাকে পড়ছেন লুইস রুবিয়ালেস। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে বিতর্কিত ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় মামলা করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন তিনি। নতুন করে আনা এই অভিযোগের অর্থ হলো, ৪৬ বছর বয়সী রুবিয়ালেস ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন।

গতকাল স্পেনের কৌঁসুলি অফিস এক বিবৃতিতে  জানিয়েছে, কৌঁসুলিরা রুবিয়ালেসের বিপক্ষে খুব দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ আনবেন। নারী বিশ্বকাপ ফাইনালের বিজয়মঞ্চে হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। হেরমোসো এ ঘটনায় ‘যৌন নির্যাতন’–এর শিকার হয়েছেন কি না, তা নিয়ে গত ২৯ আগস্ট কৌঁসুলিরা প্রাথমিক তদন্ত শুরু করেন। কৌঁসুলি অফিসের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, অসম্মতিতে চুমু দেওয়ায় রুবিয়ালেসের জরিমানা থেকে ৪ বছরের জেল হতে পারে।

গত ২০ আগস্ট নারী বিশ্বকাপ জয়ের পর বিজয়মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেরমোসো পদক নেওয়ার সময় দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি তাঁর ঠোঁটে চুমু দেন। এ নিয়ে সমালোচনা হয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রুবিয়ালেস তখন বলেছিলেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। 

তবে হেরমোসো বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, লুইস রুবিয়ালেস তাঁর বক্তব্যে যা যা দাবি করেছেন, বিশেষ করে সম্মতিসূচক চুমুর ব্যাপারটি—তাঁর সঙ্গে এমন কোনো কথাবার্তাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন, সেটারই অংশ।’

রুবিয়ালেস অবশ্য পরে ক্ষমা চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেছিলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতি সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’ 

কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। রুবিয়ালেস পদত্যাগ না করলে নারী জাতীয় দলে খেলবেন না—এ দাবিতে স্পেনের ৮১ ফুটবলার ধর্মঘটের ডাক দেন। রুবিয়ালেসের মা সন্তানের পাশে দাঁড়িয়ে অনশন করেন স্পেনের এক গির্জায়। তার আগে ফিফা রুবিয়ালেসকে ৯০ দিনের নিষেধাজ্ঞাও দেয়। এবার ফৌজদারি মামলারও মুখোমুখি হতে পারেন রুবিয়ালেস।

You might also like!