
এশিয়ার ক্রিকেট টিম গুলির মধ্যে ইতিমধেই এশিয়া কাপ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। তবে জয় শাহ এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, এই পরিস্থিতিতে এশিয়া কাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে জটিলতার কারনে সরকারি ভাবে ঘোষণা না হলেও পাকিস্তানের বদলে অন্য দেশে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
ভারতের সাথে সাথে এশিয়ার আরও দুটি দেশ বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও জানিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায় না। এমত অবস্থায় এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাত ছাড়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এই অবস্থানে ক্ষুব্ধ পাকিস্তান। সূত্রর খবর আসন্ন এশিয়া কাপের আসর বসতে পারে শ্রীলঙ্কায়।
এসিসির সভায় এশিয়া কাপ অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তিনি প্রস্তাব দেন প্রতিযোগিতা হোক সংযুক্ত আরব আমিরশাহিতে। তাঁর সেই প্রস্তাবও খারিজ করে দেন এসিসি কর্তারা । শ্রীলঙ্কায় প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়ার কথাতেও তীব্র প্রতিবাদ করেন শেঠি।
প্রসঙ্গত, এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবার কথা, তবে সেপ্টেম্বরের তীব্র গরমে সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান বিসিসিআইয়ের এই আপত্তির সমালোচনা করেছেন। পাকিস্তানের এক কর্তার দাবি অনুযায়ী এসিসি কর্তাদের শেঠি বলেছেন, ‘‘ভারতের এই আপত্তি যুক্তিহীন। ২০২০ সালে সেপ্টেম্বর থেকে নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতেই আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। তা হলে এখন কেন গরমের কথা বলা হচ্ছে!’’
আসন্ন এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তর্জমা তুঙ্গে, এখন এটাই দেখার এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব কার হাতে থাকে ?
