
কলকাতা, ৫ এপ্রিল : ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হতে পারেন এ নিয়ে সব কিছুরই অবসান ঘটল। এই নিয়ে দৌড়ে বেশ কয়েকজনের নামই ছিল। এর মধ্যে এটিকের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কুয়াদ্রাতের পাশাপাশি নাম ছিল সের্জিও লোবেরার। এই স্প্যানিশ কোচ দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের চুক্তিতে মৌখিক ভাবে সম্মতি দিয়েছেন সের্জিও লোবেরা। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ৯৯ শতাংশ নিশ্চিত লোবেরা।
সামনেই সুপার কাপ। এখনই নতুন কোচের নাম ঘোষণা করলে টুর্নামেন্টের আগে দলের মনোবল ভেঙে যেতে পারে। সে কারণেই সুপার কাপ শেষ হওয়া না অবধি সরকারি ভাবে ঘোষণা করা নাও হতে পারে। সুপার কাপ এর দায়িত্বে থাকবে স্টিফেন কনস্ট্যান্টাইন। সূত্রের খবর, লোবেরোর সঙ্গে চুক্তি শুধু সময়ের অপেক্ষা। এখন চিনের ক্লাব সিচুয়া জিনিউ ক্লাবে কোচিং করান লোবেরা। তবে ভারতীয় ফুটবলেও প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগের দুই ক্লাব এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিতে কোচিং করিয়েছেন সের্জিও লোবেরা। গোয়াকে কোচিং করিয়ে বেশকিছু ট্রফিতে চ্যাম্পিয়ন করিয়েছেন অতীতে বার্সেলোনার কোচিং টিমেও ছিলেন। ফুটবল দর্শনে তিনি অনুসরণ করেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে। সব মিলিয়ে প্রায় ২৫ বছরের বেশি কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।
এর আগে ভারতীয় ফুটবলে বহু স্প্যানিশ কোচকেই দেখা গিয়েছে। এর মধ্যে তাঁকে অন্যতম সফল কোচ মানা হয়। তাঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এ ছাড়াও কোচ হিসেবে ভারতীয় ফুটবলে তাঁর রয়েছে ব্যাপক সাফল্য। সুপার কাপ, আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি, সবই জিতেছেন।
