
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বফুটবলের মঞ্চে তাঁর জাদু যে অমলিন, তা দেখা গেল বিশ্বকাপের মঞ্চেই। আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনার অভিযান শুরু করলেন স্বপ্নের ছন্দে। আর সেই পারফরম্যান্স ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এল কলকাতায় মেসির সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে যখন ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত, তখনই বাংলার বিনোদন জগতের একাংশ সোশ্যাল মিডিয়ায় কয়েক মাস আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তাঁদের অভিযোগ, কলকাতায় এক অনুষ্ঠানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, তা মোটেই শোভন ছিল না।
জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন লেখেন,'আজকে আবার লজ্জা লাগছে, অবাক লাগছে। লিওনেল মেসিকে শেষমেষ মাসি-মেসোরা অপদস্থ করেছিল? মেসির হ্যাটট্রিকের এই অবিশ্বাস্য খেলা আর ‘খেলা হবে’ স্লোগানকে এক ভেবে ফেলা যায়? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যকে মাঠের মধ্যে হেঁচকা মেরে টেনে নিয়ে তাঁর কোমর জড়িয়ে ছবি তোলা যায়? যাকগে, হয়তো ইহাই তফাৎ G.O.A.T (Greatest Of All Time) আর ছাগলের (goat)।' অন্যদিকে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও ব্যঙ্গাত্মক পোস্ট করে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। মেসির হ্যাটট্রিকের পরই ভাস্বর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘এই চূড়ান্ত সাফল্য সেলিব্রেট করতে মেসি বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব পালন করতে চলেছে কি?’ তাঁর পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয় জোর চর্চা। অনেকেই মনে করেন, আন্তর্জাতিক তারকাদের নিয়ে অতিরিক্ত রাজনৈতিক প্রচারের প্রবণতার দিকেই ইঙ্গিত করেছেন অভিনেতা।

প্রসঙ্গত, কয়েক মাস আগে কলকাতায় একটি বহুল আলোচিত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন লিওনেল মেসি। সেই অনুষ্ঠানকে ঘিরে নানা অব্যবস্থাপনা ও প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছিল। বিশেষ করে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের আচরণ নিয়ে তৎকালীন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছিল। এবার বিশ্বকাপের মঞ্চে মেসির দুরন্ত হ্যাটট্রিকের পর সেই পুরনো বিতর্ক আবারও সামনে চলে এসেছে। ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, বিশ্বের সেরা ক্রীড়াবিদদের প্রতি যথাযথ সম্মান দেখানোই হওয়া উচিত সবচেয়ে বড় বার্তা। আর মেসি তাঁর পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিলেন, কেন তাঁকে এখনও ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে মনে করা হয়।
