
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার পটভূমিতে নির্মিত হতে চলা বলিউডের নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। কামা হাসপাতালের সাহসী নার্স অঞ্জলি কুলথের জীবন ও বীরত্বগাথা থেকে অনুপ্রাণিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগামী ১২ জুন ছবিটি মুক্তি পাওয়ার আগে জোরকদমে চলছে প্রচারপর্ব। আর সেই প্রচারেই নার্সিং পেশা ও নার্সদের ইউনিফর্ম নিয়ে নিজের মতামত জানিয়ে নতুন আলোচনা উসকে দিলেন অভিনেত্রী। ছবিতে একজন নার্সের চরিত্রে অভিনয় করতে গিয়ে কঙ্গনা উপলব্ধি করেছেন, সমাজে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষ তাঁদের প্রাপ্য সম্মান পান না। নার্স, ওয়ার্ডবয়, নিরাপত্তারক্ষী— সকলের অবদানই অনেক সময় আড়ালেই থেকে যায় বলে মন্তব্য তাঁর। কঙ্গনার মতে, নার্সিং পেশার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। তিনি বলেন, “নার্সরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই তুলনায় সম্মান ও পারিশ্রমিক অনেক ক্ষেত্রেই পান না। অথচ তাঁদের কাজ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ভিত্তি।”

তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে নার্সদের পোশাক নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে। অভিনেত্রীর দাবি, বর্তমান নার্সিং ইউনিফর্মে এখনও ব্রিটিশ ও পাশ্চাত্য প্রভাব স্পষ্ট। তাঁর মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নার্সদের পোশাকেও পরিবর্তন আনা উচিত এবং সেই পরিবর্তন হওয়া উচিত তাঁদের স্বাচ্ছন্দ্য ও পছন্দকে গুরুত্ব দিয়ে। কঙ্গনা বলেন, “ইউনিফর্মের সঙ্গে ক্যাপ, বেল্ট বা নানা আনুষঙ্গিক উপকরণের ব্যবহার এখনও অতীতের সামরিক ও ঔপনিবেশিক সংস্কৃতির ছাপ বহন করে। চিকিৎসকদের মতো নার্সদেরও নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে নিজেদের সুবিধামতো পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত।”

তিনি আরও জানান, সারা বছর একই ধরনের ইউনিফর্ম ব্যবহার করতে হয় নার্সদের। ভবিষ্যতে যদি তাঁরা নিজেরাই পোশাকে পরিবর্তনের দাবি তোলেন, তবে সেই বিষয়ে ইতিবাচকভাবে ভাবা উচিত। তবে ইউনিফর্মের চেয়ে কর্তব্যবোধ ও পেশাদারিত্বই একজন স্বাস্থ্যকর্মীর প্রকৃত পরিচয় বলেও উল্লেখ করেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে ২৬/১১ হামলার সময় অসামান্য সাহসিকতার পরিচয় দেওয়া অঞ্জলি কুলথের জীবনসংগ্রাম ও মানবিকতার কাহিনি তুলে ধরা হয়েছে। ছবির প্রচারের মাঝেই কঙ্গনার এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্র মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
