Entertainment

4 months ago

Jeet’s New Film: বড় ঘোষণা জিৎ-র প্রযোজনা সংস্থার, আপাতত মুক্তি পাচ্ছে না বহুচর্চিত ছবি

Release Date of Jeet's Film Postponed
Release Date of Jeet's Film Postponed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডের বাণিজ্যিক ছবির জগতে জিৎ মানেই আলাদা উন্মাদনা। আর সেই উন্মাদনাই আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল তাঁর আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-কে ঘিরে। পরিচালক পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি এই ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী অনন্ত লাল সিংয়ের চরিত্রে দেখা যাবে জিৎ-কে। টিজারে অভিনেতার নতুন লুক প্রকাশ্যে আসতেই দর্শকমহলে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল।

আগামী ২৭ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার ঠিক আগেই এল হতাশার খবর। নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসছে না ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। প্রযোজনা সংস্থার তরফে সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় আপাতত ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছবির কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ এখনও বাকি রয়েছে। সেই কারণেই নির্মাতারা আরও কিছুটা সময় নিতে চাইছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে ছবিটি তুলে ধরা যায়। নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই সেই দিনক্ষণ জানানো হবে বলে আশ্বাস দিয়েছে প্রযোজনা সংস্থা।


এই ঘোষণার পর থেকেই স্বাভাবিকভাবেই মন খারাপ জিত-অনুরাগীদের। বহুদিন ধরেই ছবিটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে বিপ্লবীর চরিত্রে জিতের অভিনয় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। যদিও নির্মাতাদের দাবি, মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে অন্য কোনও জটিলতা নেই। শুধুমাত্র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন অনুরাগীদের অপেক্ষা, কবে ফের নতুন মুক্তির দিন ঘোষণা করা হয় এবং কবে বড় পর্দায় দেখা যাবে জিৎ-র এই বহু প্রতীক্ষিত ছবি। 


You might also like!