Entertainment

1 hour ago

Celebrity Engagement News: দিশানীর বাগ্‌দানে আবেগঘন চক্রবর্তী পরিবার, বোনের সুখবর শুনে চোখে জল মিমোর

Mithun Chakraborty's daughter Dishani Chakraborty is engaged
Mithun Chakraborty's daughter Dishani Chakraborty is engaged

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী। দীর্ঘদিনের সঙ্গী মাইল্‌স ম্যান্টজ়ারিসের সঙ্গে বাগ্‌দান সেরেছেন তিনি। বিদেশে অনুষ্ঠিত এই বিশেষ মুহূর্তের খবর প্রকাশ্যে আসতেই আনন্দের জোয়ার বইছে চক্রবর্তী পরিবারে। দিশানী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি তাঁর বাগ্‌দানের খবর সামনে আসার পর পরিবারের সদস্যদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বড় ভাই মিমো চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে মিমো বলেন, “বাড়ির সবাই খুব খুশি ওর আনন্দে। এখনও আমরা এই সুখবরের রেশ উপভোগ করছি। দিশানী আমাদের ছোট বোনের মতো। তাই এই খবর আমরা ভাইয়েরা তো আবেগপ্রবণ বটেই। তবে আমাদের বাবা-মা আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এমন মুহূর্তগুলোই বুঝিয়ে দেয় পরিবারের বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে, এই বছরটা আমাদের জন্য খুব ইতিবাচক।” বিদেশে থাকলেও বোনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মিমো। ভিডিও কলে দিশানীর সঙ্গে কথা বলার সময় তাঁর আনন্দ দেখে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেতা। দাদার চোখে জল এনে দেওয়া সেই মুহূর্ত এখনো তাঁর মনে উজ্জ্বল। তাঁর কথায়, “আমরা ভাইবোনেরা ভিডিয়ো কলে কথা বলেছি। ওকে এত খুশি দেখে এক জন দাদা হিসাবে আমার খুব ভাল লেগেছিল। কথা বলতে বলতে আমার চোখে জল চলে এসেছিল। এটা আমাদের জন্য খুব আবেগের মুহূর্ত।”


জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর বিয়ের পরিকল্পনা রয়েছে দিশানী ও মাইল্‌সের। তবে অনুষ্ঠান ভারতে হবে নাকি আমেরিকায়, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পরিবারই এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। মিমো বলেন, “সেই বিশেষ দিনের প্রস্তুতির জন্য আমাদের হাতে সময় আছে। এখন অনেক কিছু পরিকল্পনা করা বাকি রয়েছে। দুই পরিবারের জন্যই অনেক কাজ রয়েছে। এ বার কোথায় বিয়ে হবে, ভারতে না কি আমেরিকায়, সেই সিদ্ধান্ত দিশানী এবং ওর হবু স্বামীর।” মিমো আরও জানান, এখন তাঁর মাথায় অনেক কিছু ঘুরছে। তিনি বলেন, “বিয়ে সব সময়ই বিশেষ একটি বিষয়। আর যখন এমন কেউ বিয়ে করে যাকে পুরো পরিবার ভালবাসে, তখন হইচই দ্বিগুণ বেড়ে যায়।” বোনকে কী উপহার দেবেন, সেই প্রশ্নের উত্তরে মিমো জানান,  “উপহারের কথা বলতে গেলে, আমি এমন কিছু দিতে চাই যা ওর সঙ্গে সবসময় থাকবে। আমার স্ত্রী এ সব বিষয়ে খুব ভাল এবং পরিকল্পনা করতেও বেশি দক্ষ।” পাশাপাশি বোনের বিয়ের আনন্দ উপভোগ করতে শীঘ্রই বিদেশ সফরের পরিকল্পনাও করছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালী। তাঁদের তিন পুত্রের পর পরিবারে আসে দিশানী। বহু বছর আগে কলকাতায় উদ্ধার হওয়া এক শিশুকন্যাকে দত্তক নিয়ে নিজের কন্যা হিসেবে বড় করে তোলেন মিঠুন-যোগিতা। আজ সেই দিশানীর জীবনের নতুন অধ্যায় ঘিরে আনন্দে মেতে উঠেছে গোটা চক্রবর্তী পরিবার। 

You might also like!