
শ্রীনগর, ২ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী ৫-১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে তার আগে জম্মু অঞ্চলের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৩-৪ ফেব্রুয়ারি সময়ের মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। শুক্রবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি অঞ্চলে। পীরপাঞ্জল পর্বতমালার উচ্চতর অঞ্চলে তুষারপাত হয় এদিন সকালে; পর্যটক এবং স্থানীয়রা তুষারপাত উপভোগ করেন।
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় এখনও তুষারধসের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জম্মু ও কাশ্মীরের আটটি জেলায় মাঝারি পর্যায়ের তুষারধসের সতর্কতা জারি করেছে। বান্দিপোরা, বারামুল্লা, গান্দেরবাল, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ এবং রামবান জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের তুষারধস প্রবণ স্থানে যেতে বারণ করা হয়েছে।
