নয়াদিল্লি, ৩১ অক্টোবর : আগামী ২ নভেম্বর গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমনই আশঙ্কা করছে কেজরিওয়ালের দল। মঙ্গলবার দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী বলেছেন, "আমরা তথ্য পাচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল যখন ২ নভেম্বর ইডি-র সামনে হাজির হবেন, তখন ইডি তাঁকে গ্রেফতার করবে এবং জেলে রাখবে। বিজেপি এবং প্রধানমন্ত্রী এএপি-কে শেষ করতে চান। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে, কারণ প্রধানমন্ত্রী তাঁকে ভয় পান, তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই।"
অতিশী আরও বলেছেন, "বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী জানেন, তাঁরা এএপি-কে নির্বাচনে হারাতে পারবেন না। এখন এএপি-কে শেষ করতে, দলের নেতাদের জেলে ঢোকানো হচ্ছে। আম আদমি পার্টির সমস্ত বড় নেতাদের কারাগারে ঢোকানোর মানে একটাই যে তাঁরা (বিজেপি) এএপি-কে শেষ করে দেবে।" অতিশীর কথায়, "যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, তাঁদেরই টার্গেট করা হচ্ছে। ইডি এবং সিবিআই-এর অপব্যবহার শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের উপর শেষ হবে না, বিরোধী এবং আইএনডিআই জোটের সমস্ত নেতাদেরও জেলে পাঠানো হবে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর, পরবর্তী নম্বর হবে হেমন্ত সোরেন, তারপরে তেজস্বী যাদব, তারপর পিনারাই বিজয়ন এবং তারপরে স্ট্যালিন (এম কে স্ট্যালিন)।"
