চেন্নাই, ২১ সেপ্টেম্বর : তামিলনাড়ুর ভেলোর জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পড়ুয়াদের ছুটি ঘোষণা করলেন জেলাশাসক। ভেলোরের জেলাশাসক এই নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার ভেলোরে ভারী বৃষ্টিপাতের ফলে কোনাভাট্টামের চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে জল জমে রয়েছে। তার ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া দফতর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। আইএমডি আরও জানিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটোর, থেনি, ডিন্ডিগুল এবং মাদুরাই জেলার নীলগিরি ঘাট এলাকার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ু এবং পুদুচেরির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
