
নয়াদিল্লি : উত্তরকাশীর নির্মাণাধীন টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে বলে শুক্রবার জানালেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন। বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত কাজ চলছে।
তিনি বলেন, বৃহস্পতিবার ড্রিলিংয়ের সময় মেশিনে ধাতুর টুকরো (বার) আটকে যাওয়ায় ড্রিলিং ব্যাহত হয়। এদিন সেটা সরানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার যে পাইপ দিয়ে শ্রমিকদের খাবার, অক্সিজেন ও ওষুধ ইত্যাদি সরবরাহ করা হচ্ছিল এদিন সেই পাইপ মেরামত করা হয়েছে। এই পাইপটি এক জায়গায় বাঁকানো ছিল। এটাও শুক্রবার ঠিক করা হয়েছে।
এখানে এক সংবাদিক সম্মেলনে হাসনাইন বলেন, প্রতিবন্ধকতার কারণে বৃহস্পতিবার খনন কাজ ব্যাহত হয়। এখন আমাদের চেষ্টা খনন কাজ দ্রুততর করা। এই অভিযান কোনো যুদ্ধের চেয়ে কম নয়। এজন্য অত্যন্ত যত্ন সহকারে কাজ করা হচ্ছে। এই কাজ কবে শেষ হবে সেটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। তবে শ্রমিকরা যাতে কোনও ধরনের সমস্যায় না পড়ে সেটাই আমাদের অগ্রাধিকার। আমরা চাই এই অভিযান সফল না হওয়া পর্যন্ত তাদের মনোবল অটুট থাকুক। তাই শ্রমিকদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের মনোবল বজায় রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্যেরও যত্ন নেওয়া হচ্ছে। কর্মীদের উদ্ধার করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল।
