Country

2 years ago

Uttarakhand hit by rain: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, হরিদ্বারে ৭ বছরের শিশু সহ মৃত ৩

Uttarakhand hit by rain (Collected)
Uttarakhand hit by rain (Collected)

 

দেহরাদুন, ১৫ জুলাই : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডও। প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে হরিদ্বারে ৭ বছরের এক শিশু সহ মৃত্যু হল ৩ জনের।

সূত্রের খবর, হাবিবপুর কুণ্ডি গ্রামে সৎপাল নামে ৪৭ বছর বয়সি এক ব্যক্তি জলের তোড়ে ভেসে যান। অন্যদিকে, বাসেদি খাদার গ্রামে জলে তলিয়ে মৃত্যু হয়েছে অজয় কুমার নামে ২৭ বছরের এক যুবকের। রুরকিতে নাগাড়ে বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার হরিদ্বারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাজ্যের একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। খাকরা এবং নওগাঁওয়ের কাছে ধস নামার কারণে ঋষিকেশ-কেদারনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে।

উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অ্যাডিশনাল সেক্রেটারি সাভিন বনশাল জানান, মাইক্রোওয়েভ স্যাটেলাইট ডেটা অনুযায়ী এখনও পর্যন্ত হরিদ্বার জেলায় ৫১১টি গ্রাম জলমগ্ন। জরুরি ভিত্তিতে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। পাঠানো হচ্ছে ত্রাণসামগ্রী।

You might also like!