
নয়াদিল্লি, ৬ জুন: সমুদ্রের নীচের লক্ষ্যবস্তুতে নিখুঁত ও সফলভাবে আঘাত হানল দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো। ফলে ভারতীয় নৌসেনার অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী হল। মঙ্গলবার এই টর্পেডোর পরীক্ষা করে নৌসেনা এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পরীক্ষা সফল হওয়ার পর নৌসেনার তরফে টুইট করা হয়, “আরও একটা নতুন মাইলস্টোন পেরোলাম আমরা।"
নৌসেনা জানিয়েছে, "সমুদ্রের নীচের লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁত ভাবে আঘাত হেনেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘হেভিওয়েট টর্পেডো’।” একইসঙ্গে নৌসেনা জানিয়েছে, আত্মনির্ভরতার আরও এক নজির সৃষ্টি করল এই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টর্পেডো। শুধু তাই-ই নয়, এই টর্পেডো নৌসেনাক অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করল।
