
রায়পুর, ১৩ ফেব্রুয়ারি : ছত্তিশগড়ের রায়পুর রেলস্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে দ্বিতীয় আস্থা স্পেশাল ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ছত্তিশগড় থেকে আস্থা স্পেশাল ট্রেনটি ছাড়বে। রায়পুর রেলওয়ে স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন।
রায়পুর থেকে এই ট্রেন যাত্রার শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। আগামীকালের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাই-এর পাশাপাশি উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল, স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিরা। ছত্তিশগড় রাজ্যের বিজেপি মহিলা সহ-সভাপতি লক্ষ্মী ভার্মা মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
লক্ষ্মী ভার্মা জানিয়েছেন, সারা দেশের মানুষ রামলালা দেখতে যাচ্ছে। ছত্তিশগড় থেকেও প্রথম আস্থা ট্রেনটি দুর্গ থেকে রওনা হয় এমাসের ৭ তারিখে। দ্বিতীয় ট্রেনটি রায়পুর স্টেশন থেকে চলবে। লক্ষ্মী আরও জানান, রামলালা ভক্তদের অযোধ্যায় দর্শনের জন্য বিনামূল্যে বাসের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ছত্তিশগড় থেকে যাঁরা সেখানে ৬০ দিনের জন্য যাবেন তাদের ‘শবরী প্রসাদ’ বিতরণ করা হবে।
