
কলকাতা, ৩০ জানুয়ারি : স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারণ! অথবা নির্দেশ মেনে অযোধ্যায় রামমন্দির দেখতে আপাতত যাওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের।আগামী ১০ ফেব্রুয়ারি তাঁদের অযোধ্যায় যাওয়ার কর্মসূচি তৈরি হয়েছিল। ঠিক হয়েছিল, ওই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যেরা রামলালার দর্শন করতে যাবেন অযোধ্যায়। সেই মর্মে প্রস্তুতিও শুরু হয়েছিল বিধায়কদের মধ্যে। কিন্তু সেই কর্মসূচি এখন আর হচ্ছে না বলেই বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর।
গত ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের পর বিজেপি শীর্ষ নেতৃত্ব ঠিক করেছিলেন, ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের দলের নেতা-কর্মীরা পালা করে রামমন্দির দর্শন করতে যাবেন। যা লোকসভা নির্বাচনে তাঁদের ভোটারদের জন্য ‘ভোকাল টনিক’ প্রস্তুত করতে সাহায্য করবে।
কিন্তু মন্দির উদ্বোধনের পর থেকেই দেখা যাচ্ছে অযোধ্যায় প্রতিদিন ব্যাপক জনসমাগম হচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষ রামমন্দির ও রামলালার দর্শন করতে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যা সামাল দিতে হিমশিম খাচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন। বস্তুত, মন্দির উদ্বোধনের পরেই অযোধ্যায় লোকের ভিড়ে পদপিষ্ট হয়ে বড় দুর্ঘটনা ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরেজমিনে পরিস্থিতি দেখতে অযোধ্যা গিয়েছিলেন। ট্রেন এবং সড়কপথে অযোধ্যায় যাওয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এখনও সেই ভিড় পাতলা হয়নি বলেই খবর।
