
নয়াদিল্লি, ১ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন । এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় ছুঁয়েছে। নয় বছরে যে পরিমাণ কাজ হয়েছে তা বহু দশকেও হয়নি। অন্যদিকে দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সহায়তায় তৈরি তিনটি উন্নয়ন প্রকল্প যৌথভাবে উদ্বোধন হয় । এই তিনটি প্রকল্প হলো- আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ইউনিট-২। এদিনের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা আবার ভারত-বাংলাদেশের সাফল্য উদযাপন করতে একত্রিত হয়েছি। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় ছুঁয়েছে। নয় বছরে যে পরিমাণ কাজ হয়েছে তা বহু দশকেও হয়নি। দুই দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি ও সামুদ্রিক চুক্তি হয়। উভয় দেশের আশা-আকাঙ্খা পূরণে বিশেষ জোর দেওয়া হয়। তিনটি নতুন বাসের সার্ভিস চালু হয়েছে। গত নতুন বছরে তিনটি রেল পরিষেবাও চালু হয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করার জন্য আপনার প্রতিশ্রুতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
