
নয়াদিল্লি, ২২ আগস্ট : হাসপাতালে ভর্তি নির্যাতিতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। দেখা করতে দেওয়া হচ্ছে না তার মায়ের সঙ্গেও। পুলিশের বিরুদ্ধে ‘গুন্ডাগিরি’র অভিযোগ তুললেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। শুধু তাই-ই নয়, নির্যাতিতার সঙ্গে দেখা করবেন বলে হাসপাতালের মেঝেতে শুয়ে রাত কাটালেন তিনি। মঙ্গলবার বেলার দিকে অবশ্য হাসপাতালের বাইরে বেরোন স্বাতী। তিনি বলেছেন, "২৪ ঘন্টার বেশি হয়ে গিয়েছে, আমাকে নির্যাতিতা বা তার মায়ের সাথে দেখা করতে দেয়নি তারা। দিল্লি পুলিশ গুন্ডাদের পুলিশ। তারা ধর্ষকদের গ্রেফতার করতে পারছে না। মেয়েটির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, বোঝার জন্য যে সে কোনও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে কি-না। আমি ক্ষতিপূরণ এবং আইনি সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু দিল্লি পুলিশ অনুমতি দিচ্ছে না।"
স্বাতী মালিওয়াল সোমবার সারা রাত সেন্ট স্টিফেন হাসপাতালেই কাটিয়ে দেন। তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে হাসপাতালের বাইরে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য বসে আছি। স্বাতী আরও অভিযোগ করেন, এনসিপিসিআর নাবালিকা মহিলার সঙ্গে দেখা করতে পারছে, তাহলে দিল্লি পুলিশ কেন তাঁকে আটকাচ্ছে ? স্বাতী প্রশ্ন তোলেন, কেন দিল্লি পুলিশ এই গুণ্ডামিতে নেমেছে। স্বাতী সোমবার রাতেই স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ধর্নায় বসবেন যতক্ষণ না তাকে নির্যাতিতা বা তার মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।
