
ভুবনেশ্বর, ২৭ নভেম্বর : রাউরকেল্লা পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছুঁড়ে আঘাত করার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার এক বিবৃতিতে ইস্ট কোস্ট রেলওয়ে (ইসিওআর) একথা জানিয়েছে।
রবিবার রাতে রাউরকেল্লা পুরী বন্দে ভারত ট্রেনে পাথর ছুঁড়ে আঘাত করে কিছু ব্যক্তি। ঢেঙ্কানাল-আঙ্গুল রেলওয়ে সেকশনের মেরামন্ডলি এবং বুধপাঙ্ক স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও রেলওয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
রেলের একজন আধিকারিক জানিয়েছেন, এক্সিকিউটিভ ক্লাস কোচের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রেনটি ১৩ মিনিট দেরি করে পুরীতে পৌঁছেছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) একজন আধিকারিক এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ইসিওআর -এর নিরাপত্তা শাখা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার পর রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) -কে সতর্ক করেছে। স্থানীয় পুলিশকেও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও রেলের এক আধিকারিক জানান। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ইসিওআর-এর নিরাপত্তা শাখা অপরাধীদের খুঁজে বের করার জন্য কাজ করছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
