Country

2 years ago

BS Yediyurappa:নাবালিকাকে যৌন হেনস্থা!কাঠগড়ায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

BS Yediyurappa
BS Yediyurappa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখায় অভিযুক্ত বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন! দক্ষিণ ভারতের সেই রাজ্য কর্নাটকে এ বার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এনেছেন ১৭ বছর বয়সী এক নাবালিকার মা। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সাহায্য করেননি, উলটে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ। 

নাবালিকার মা'র কথায়, গত ২ ফেব্রুয়ারি ইয়েদুরাপ্পার বাড়িতে গিয়েছিলেন তাঁরা। মেয়ের ধর্ষণ মামলায় যাতে সিট গঠন করে তদন্ত করা হয়, সেই দাবিই করেছিলেন তিনি। তবে তাঁর অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর কথা শোনার পর মেয়েকে নিয়ে পাশের ঘরে চলে যান এবং দরজা বন্ধ করে দেন। অন্তত ৫ মিনিট তাঁরা ভেতরে ছিলেন! ঘর থেকে বেরিয়ে আসার পর ইয়েদুরাপ্পাকে প্রশ্ন করা হলে তিনি জানান, নাবালিকাকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কিনা, তা পরীক্ষা করছিলেন তিনি! একই সঙ্গে, বিষয়টি বাইরে কাউকে না বলতেও নাকি নির্দেশ দিয়েছিলেন ইয়েদুরাপ্পা।  

এমন ঘটনার পর ইয়েদুরাপ্পার নির্দেশে ভয় পাননি নাবালিকার মা। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করেছেন। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও ইয়েদুরাপ্পার অফিস থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বরং তাঁদের দাবি, এই মহিলা তাঁর মেয়েকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে ৫৩টি মামলা করেছেন। সবকটিই ভুয়ো। তাই এই নতুন অভিযোগকে তাঁরা পাত্তা দিচ্ছেন না। পাশাপাশি বলা হয়েছে, এবার এই মহিলাকে কিছু অর্থ সাহায্যও করেছেন ইয়েদুরাপ্পা। 


You might also like!