
চেন্নাই, ১৯ জুন: কোথাও হাঁটু জল, কোথাও আবার গোড়ালি পর্যন্ত। রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে এমনই ছবি দেখা গেল তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নানা প্রান্তে। রবিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল চেন্নাইয়ের নানা প্রান্ত। রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন, স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। এদিন সকালে চেন্নাইয়ের শ্রী শক্তিনগর, আরুমবাক্কাম প্রভৃতি এলাকায় জল জমে যায়। ১৮ জুন সকাল ৮.৩০ মিনিট থেকে ১৯ জুন সকাল ৫.৩০ মিনিট পর্যন্ত চেন্নাইয়ের মীনামবাক্কামে ১৩৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
প্রবল বৃষ্টির আশঙ্কায় তামিলনাড়ুর বিভিন্ন জেলায় সোমবার বন্ধ রাখা হয়েছে স্কুল। বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে তিরুভাল্লুর, ভেল্লোর, রানিপেট, কাঞ্চিপুরম, চেঙ্গালাপাট্টু জেলায় এদিন বন্ধ রাখা হয়েছে স্কুল।
