
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : অসদাচরণের জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন-কে রাজ্যসভা অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হয়েছে সংসদের উচ্চকক্ষে। "অনভিপ্রেত অসদাচরণের" জন্য ডেরেক ও'ব্রায়েন-কে রাজ্যসভা অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হয়েছে বৃস্পতিবার।
বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, ডেরেক ও'ব্রায়েন সদনের ওয়েলে নেমেছিলেন, স্লোগান দিয়েছিলেন এবং বিরোধীরা গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করায় সদনের কার্যক্রম ব্যাহত করেছিলেন। ডেরেক-কে সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হওয়ার পরই হইহট্টগোল শুরু হয়ে যায় রাজ্যসভায়। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন মুলতুবি হওয়ার প্রাক্কালে গতকালের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে কথা বলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেন, ওই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
